পদ্মা নদীতে স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অনির্দিষ্ট কালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, এই রুটে মাঝারি আকৃতির পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়া দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় ২০/২৫টি যানবাহন রয়েছে। অপেক্ষায় থাকা যানবাহনের চালকদের উদ্দেশে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাদের বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের গতি কমে না আসা পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ থেকেই গেল।
প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৪৭ দিন বন্ধ থাকার পর স্রোত কিছুটা কমে এলে গত ৪ অক্টোবর ফেরি সীমিত আকারে চালু করা হয়। কিন্তু মাত্র সাত দিন ফেরি সচল থাকার পর আবারও বন্ধ ঘোষণা করা হলো। এর অগে প্রথম বার গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি।