তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাবে মির্জা ফখরুল সাহেবরা রাজনৈতিক দলের কার্যালয়ের মতো সমাবেশ করে প্রেসক্লাবের পবিত্রতা ও মানমর্যাদা নষ্ট করেছেন। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. হাছান বলেন, ‘প্রেসক্লাবে অবশ্যই সরকারের পক্ষে-বিপক্ষে বা সিভিল সোস্যাইটির আলোচনাসভা হতে পারে। কিন্তু নয়াপল্টনে কার্যালয়ের সামনে যেভাবে সমাবেশ হয়, প্রেসক্লাবকে সেভাবে সমাবেশস্থল বানানো সমীচীন নয়, যেটি রবিবার বিএনপি করেছে বলে জেনেছি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাব সাংবাদিকদের প্রতিষ্ঠান। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে যেভাবে সমাবেশ হয়, সেভাবে সমাবেশ করা সমীচীন নয়। মির্জা ফখরুল সাহেবরা এটি করেছেন। এতে প্রেসক্লাবের পবিত্রতা ও মানমর্যাদা নষ্ট করা হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
‘বিএনপি নেতারা প্রায়ই বলেন যে, জাতীয় ঐক্য স্থাপন করতে হবে, কিন্তু যে ঐক্যটা তারা করেছিলেন, সেই ঐক্যটাই বাতাস চলে যাওয়া বেলুনের মতো চুপসে গেছে’ বলেন তথ্যমন্ত্রী। ’ ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটাল হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সঙ্গে গত বৈঠকে সিদ্ধান্ত ছিল যে পয়লা অক্টোবর থেকে ক্লিনফিড বাস্তবায়ন করা হবে, সেই একই বৈঠকে তারাই বলেছিলেন যে ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেম অনেকটাই ডিজিটাল হয়ে গেছে, পহেলা নভেম্বর থেকে পুরোটাই তারা ডিজিটাল করতে পারবেন। এই ডিজিটালাইজেশনের জন্য আমরা বদ্ধপরিকর। এটি হলে সম্পূর্ণ সম্প্রচার মাধ্যমই লাভবান হবে।’