বরগুনায় মাদ্রাসা ও শিশু সদনে দুদকের অভিযান

এতিম শিক্ষার্থীদের নামে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে বরগুনা জেলার শামসুল হক হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. নাজমুল হুসেইনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, অভিযানে গিয়ে দুদক অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করে। এছাড়া ঐ শিশু সদনের বরাদ্দ রেজিস্ট্রার ও ভাউচারের কপি সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে প্রাপ্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। অপর দিকে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অন্য চারটি অভিযোগের ব্যাপারে দুদক থেকে সংশ্লিষ্ট চার দপ্তরে এনফোর্সমেন্ট ইউনিট চিঠি পাঠিয়েছে।