কাজ করার অনুমতি প্রদানসহ চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাস্টার রোলের কর্মচারীরা। গতকাল সোমবার রাজধানীর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
অংশগ্রহণকারীরা জানান, তারা দীর্ঘ ১৬ বছর মাস্টার রোলে চাকরি করছেন। কিন্তু এখন তাদের বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে। কাজের সুযোগ িদচ্ছে না। ইতিমধ্যে তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সও শেষ হয়েছে। এ বয়সে তারা কোথায় যাবে। তারা এখন অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছেন। মানবিক বিবেচনায় কাজের সুযোগের দাবি জানান তারা।
জানা গেছে, চাকরি নিয়মিতকরণের জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করায় বোর্ড কর্তৃপক্ষ গত ঈদুল ফিতরের আগে অফিস থেকে তাদের বের করে দেয়।
তারা আরো জানান, হাইকোর্ট চলতি বছরের ১৪ মার্চ ‘বিদ্যমান শূন্যপদে বাদীগণকে কেন নিয়োগ করা হবে না’ মর্মে চার সপ্তাহের সময় দিয়ে রুল জারি করার পরেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান প্রশাসন কোনো জবাব দাখিল করেনি। যা শিক্ষা মন্ত্রণালয় ও হাইকোর্টের আদেশ অমান্যের শামিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঢাকার অফিস সহকারী মো. আলাউদ্দিন, আশরাফ আলী, মো. রায়হানুল ইসলাম, অফিস সহায়ক সিরাজ উদ্দিন, মাহফুজুল হক, মো. আব্দুল মতিন ও এস এম তারেক।