সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এ লক্ষ্যে নৌবাহিনীর সাতটি জাহাজ মা-ইলিশ রক্ষা অভিযান-২০২১-এর অংশ হিসেবে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌবাহিনী আনুমানিক ৮ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
গত ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধসংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। —আইএসপিআর