রাজধানীর পুরান ঢাকায় ঐতিহ্যবাহী স্থাপনা শঙ্খনিধি হাউজে পূজামণ্ডপ স্থাপনের চেষ্টায় সারা দিন বিক্ষোভ করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শঙ্খনিধি হাউজের সামনের সড়কে প্রতিমা রেখে পূজার আনুষ্ঠানিকতা ও বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ আলোচনার পর পাশে বলদা গার্ডেনে প্রতিমা স্থাপন করা হয়।
উল্লেখ্য, শঙ্খনিধি হাউজ পুরান ঢাকার টিপু সুলতান রোডে অবস্থিত বণিক পরিবারের একটি শতবর্ষী পুরাতন ভবন। এই ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহ্যবাহী ৩২টি ভবনের তালিকায় এবং ঢাকা সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর ৯৩টি ঐতিহাসিক নান্দনিক ভবনের তালিকার অন্তর্ভুক্ত। ঐ ভবনে কোনো কিছু করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে বলে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।
জানা গেছে, টিপু সুলতান রোডের হিন্দু ধর্মাবলম্বীরা শঙ্খনিধি হাউজে এবারের দুর্গা পূজা উদ্যাপন করার পরিকল্পনা করে। কিন্তু জেলা প্রশাসন অনুমতি না দিলে গতকাল সকালে শত শত মানুষ প্রতিমা নিয়ে ঐ ভবনে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ তাদেরকে হাইকোর্টের নির্দেশনার ব্যাপারে বললে তারা প্রতিমা সড়কে রেখে পূজা ও বিক্ষোভ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির ওয়ারী জোনের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশ সতর্কতার সঙ্গে ঐ সড়কে অবস্থান করে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। পরে সন্ধ্যায় পুলিশের পরামর্শে তারা পার্শ্ববর্তী বলদা গার্ডেনে পূজা করতে সম্মত হয়। রাত ৮টার দিকে পুলিশের সহযোগিতায় প্রতিমা নিয়ে তারা বলদা গার্ডেনে যায়। আজ থেকে তারা সেখানেই পূজা উদ্যাপন করবেন।