কন্যাশিশুদের অগ্রগতিতে বড় বাধা বাল্যবিবাহ

বয়ঃসন্ধিকালে কিশোরী ও কিশোররা নানা ধরনের মনোদৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এ সময় যেন তারা কোনো ভুল করে না বসে, সে বিষয়ে বাড়তি নজর রাখতে হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এ সময় বাড়তি যত্ন নিয়ে তাদের সঠিক শিক্ষা দিতে হবে।

গতকাল বিশ্ব কন্যাশিশু দিবসে রাজধানীর একটি হোটেলে ‘কিশোরী-কিশোরদের আত্ম-উন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) যৌথভাবে এর আয়োজন করে। মেহের আফরোজ চুমকি গণমাধ্যমকে বলেন, কত বাল্যবিবাহ হয়েছে তা না বলে কারা বাল্যবিবাহ করেছে তা প্রকাশ করুন। সমাজে বাল্যবিবাহের প্রবণতা কিশোরীদের চলার পথকে রুদ্ধ করে দিয়েছে। তাই বাল্যবিবাহের সঙ্গে জড়িত পুরুষদের আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথ উদ্যোগের মাধ্যমে দেশে ‘ডাভ সেলফ-এস্টিম প্রজেক্ট’ (ডিএসইপি) এর উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস বলেন, কন্যাশিশুদের অগ্রগতিতে এখন বড় ধরনের অন্তরায় হিসেবে রয়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করতে আমাদের গ্রামে গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিও আছে। তবে করোনা মহামারির এই সময়ে বাল্যবিবাহের বিষয়ে পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবে এর হার বেড়ে গেছে। সমাজে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠায় ও নারীর প্রতি বৈষম্য নিরসনে সরকারের পাশাপাশি গণমাধ্যম, এনজিও এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজ করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, স্বাধীনতা-পরবর্তী ৩০ বছরের তুলনায় বিগত ১৫-২০ বছরে বাংলাদেশ নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য সময় পার করেছে।

ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এর সিইও অ্যান্ড এমডি জাভেদ আখতার বলেন, ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি ইউনিলিভার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। বাংলাদেশ সরকারের অংশীদার হিসেবে ইউনিলিভারের ব্র্যান্ডগুলো সামাজিক পরিবর্তনে অবদান রাখছে। এরই অংশ হিসেবে যাত্রা শুরু করেছে ডাভ এর সেলফ-এস্টিম প্রজেক্ট। চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি মাহফুজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন কিশোরী-কিশোর অংশ নেন।