তুলব না হয় পটল

এই সময়ের ছড়া 

সাঈদ সাহেদুল ইসলাম

 

এখন নিজের নাম বাড়াতে

সবার কাছে দাম বাড়াতে

ভাবি বসে কী আজ হব?

মরিচ, রসুন, পিঁয়াজ হব!

থাকব বেশি দামে!

এটাই তো চাই আমার ভয়ে

সবাই যেন ঘামে!

 

সবজি, লবণ, বেগুন হব

দামে দ্বিগুণ, তেগুণ হব

আর হব বরবটি,

কিনতে গিয়ে ঘুরুক ক্রেতা

ক্ষয় হয়ে যাক চটি!

 

ঢেঁড়শ, আলু, আদাও হব

প্রতিজ্ঞা আজ অটল!

তেল হবো সে তেলে ভেজে

গিন্নির হাতের কড়াইয়ে যে

তুলব না হয় পটল!

তবুও আমার দামে—

মানুষ যেন দরদরিয়ে ঘামে!