ইত্তেফাক রিপোর্ট
দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রথমবারের মতো বাংলাদেশে দুর্যোগ-ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারিখাতের অংশগ্রহণে ‘প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি অপারেশন সেন্টার (পিইওসি)’ স্থাপন করেছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং স্ট্রেংথেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স (সুপার প্রজেক্ট) যৌথভাবে এটি স্থাপন করেছে। গতকাল মঙ্গলবার ডিসিসিআইতে আয়োজিত অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুপার প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং নগর অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর ভূমিকম্প সহনশীলতা জোরদার এবং সর্বস্তারের জনগণকে দুর্যোগ সহনশীল করে তোলার লক্ষ্যে বেসরকারিখাতের অংশগ্রহণে বিভিন্ন অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নিরাপদ নগরায়ন নিশ্চিত করার পাশাপাশি শিল্প ও বিনিয়োগ ঝুঁকিমুক্ত করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. এনামুর রহমান, এমপি জানান, চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সরকার রাজধানীর তেজগাঁও অঞ্চলে এক একর জমির ওপর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটি দেশে দুর্যোগ মোকাবিলায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, সারা দেশে ইতিমধ্যে প্রায় ৪২ লাখ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে। অ্যাকশনএইড-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা কার্যক্রমে বিনিয়োগ বাড়ানো এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম ফান্ড গঠনের জন্য বেসরকারিখাতের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ডাইরেক্টর জেনারেল ফর ইউরোপীয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউমেনিটারিয়ান এইড অপারেশন্স (ইকো)-এর প্রধান ড্যানিয়ালা ডিওরসো এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট বক্তব্য প্রদান করেন।