ইত্তেফাক রিপোর্ট
প্রায় তিন দশক পর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, যেখানে আওয়ামী লীগ ক্ষমতাসীন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের অধীন, সেখানে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াটাই বড় চ্যালেঞ্জ। গত ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি। তড়িঘড়ি করে ভোট চুরির মোক্ষম সময় হিসাবে এখন নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে। গতকাল রাজধানীতে দুইটি পৃথক অনুষ্ঠানে দলের নেতারা একথা বলেন।
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ বলেন, তড়িঘড়ি করে ভোট চুরির মোক্ষম সময় হিসাবে এখন ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে। কারণ ক্যাম্পাস জবর দখল করে আছে ছাত্রলীগ। হলে বা ক্যাম্পাসে ছাত্রদলের কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। হলে ভোট কেন্দ্র করা হয়েছে। হলে ছাত্রদলের কেউ থাকতে পারে না। সেখানে কিভাবে ভোট দিতে যাবে ছাত্ররা?
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বিএনপি নেতা আলহাজ মোশাররফ হোসেন, বিএনপি নেতা লায়ন আনোয়ার প্রমুখ।
এদিকে গতকাল দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যেখানে আওয়ামী লীগ ক্ষমতাসীন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের অধীন, সেখানে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াটাই বড় চ্যালেঞ্জ। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে ডাকসুতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের কথা বিশ্বাস করতে চাই এবং আমরা চাইব যে আমাদের ছাত্রসমাজ যেন তাদের মতপ্রকাশের সুযোগ পায়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফারহাদ হালিম ডোনারসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।