কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
তীব্র গরম ও লোডশেডিংয়ে কমলগঞ্জে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলায় প্রতিদিন পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয় ঘণ্টা পল্লি বিদ্যুতের লোডশেডিং চলছে। অনেক এলাকায় ভোরবেলায় বিদ্যুত্ থাকে না। সন্ধ্যায় বিদ্যুত্ এলেও কিছুক্ষণ পর আবার চলে যায়।
পতনঊষার ইউনিয়নের বিদ্যুত্ গ্রাহক শাহিদ আলী বলেন, লোডশেডিংয়ের ফলে আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। সারা দিন কাজ করার পর বাড়িতে গেলে বিদ্যুত্ আসা-যাওয়া করে। প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুত্ থাকে না। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুত্ না থাকায় লেখাপড়ায় মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ নেই তার ওপর পল্লি বিদ্যুতের ভেলকিবাজি। এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, সিলেট বিভাগীয় অফিসে একটি পাওয়ার স্টেশন নষ্ট হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।