স্পোর্টস রিপোর্টার
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান। তার মতে, ভারতই এখন ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করছে। ভারতের টাকার কাছে সবাই জিম্মি।
মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাত্কারে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘টাকাই এখন বড় অস্ত্র। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেট বোর্ডের জন্যও। আর সেই টাকা আছে ভারতে। তাই এখন ভারতই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাচ্ছি, তারা যা করে, যা বলে কেউই এর বিপরীতে কিছু বলার সাহস দেখায় না। কারণ এখানে অনেক টাকার বিষয় রয়েছে।’
ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পেছনেও টাকাই মূল কারণ মনে করেন ইমরান খান। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডে এখনো এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’