যশোরে রাষ্ট্রদূত মিলার
যশোর অফিস
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যশোরের ফুলচাষ দেখে আমি খুবই খুশি হয়েছি। এ অঞ্চলে উন্নতমানের ফুল উত্পাদনের অপার সম্ভাবনা রয়েছে। মানসম্মত ফুল উত্পাদনে কাজ করছে আমেরিকা। বাংলাদেশে বার্ষিক ১৫ কোটি ডলারের ফুলের বাজার রয়েছে। এই বাজার আরও সম্প্রসারিত হবে। আর অর্থনীতির কারণে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির পানিসারা এলাকায় ফুল ক্ষেত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার যশোর ও খুলনা এলাকার পরিদর্শনের অংশ হিসেবে ২০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গদখালিতে যান। সেখানে ফুলের শেড পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, আমার স্ত্রীও একজন চাষি। তিনি সবজি চাষ করেন। আপনাদের ফুলচাষ দেখতে এসেছে। ফুলচাষে নারীরা অংশ নিচ্ছে। এ সম্ভাবনা বাড়াতে এবং চাষিদের উন্নয়নে ইউএসআইডি কাজ করছে। তারা কৃষিক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল এডেলম্যান, আমেরিকার ডেপুটি মিশন ডিরেক্টর জেনা সালাহ। এসময় চাষিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মার্কিন সরকারের সহায়তা কামনা করেন।
মিশেল বলেন, আমি গুল্মজাতীয় সবজি চাষ করি। ফুল আমার খুব পছন্দ। আপনাদের ফুলচাষ দেখতে এসেছি। এখানে দেখছি নারীরাও ফুলচাষ করছে। আমার খামারেও ৬৫ জন নারী কাজ করেন।
ডেপুটি মিশন ডিরেক্টর জেনা সালাহ বলেন, ফুল আমার খুব পছন্দ। আপনারা কিভাবে ফুল চাষ করেন, সেটি দেখতে এসেছি। ইউএসএআইডির সহযোগিতায় কিভাবে ফুল বিপ্লব হয়েছে সেটি দেখার জন্যই এসেছি।