মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মায় স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে লঞ্চ ও স্পিডবোট সচল রয়েছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্রোতের গতি কমে না আসা পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য, প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ৪৭ দিন বন্ধ থাকার পর স্রোত কিছুটা কমে এলে গত ৪ অক্টোবর ফেরি সীমিত আকারে চালু করা হয়।