ছুটিতে বিচারক, পেছাল রেইনট্রি ধর্ষণ মামলার রায়

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার রায় ঘোষণা পিছিয়েছে। বিচারক ছুটিতে থাকায় আগামী ২৭ অক্টোবর রায়ের জন্য নতুন এই দিন ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক আল মামুন এই দিন ধার্য করে দেন। ঐ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ)।

২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্রে আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় সরাসরি ধর্ষণের অভিযোগ করা হয়। অপর আসামি সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ঐ আইনের ৩০ ধারায় ধর্ষণের সহযোগিতার অভিযোগ করা হয়। মামলার পাঁচ আসামিই জামিনে ছিলেন। গত ৩ অক্টোবর তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।