বাংলাদেশে হামলার পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভুত নওরোজ রায়েদ আমিন নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। ৩০ বছর বয়সী এই যুবক ইসলামিক স্টেট বা আইএসের কট্টর সমর্থক। বছর পাঁচেক আগে ছদ্মবেশের উপকরণ, ট্যাকটিক্যাল বুট ও বোমা তৈরির বইসহ সিডনি বিমানবন্দরে আটক হয়েছিলেন। গত সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে দুই বাংলাদেশির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের সময় আইএস সমর্থনের কথা জানান নওরোজ। ২০১৫ সালের আগস্টে তিনি বাংলাদেশের এক লোককে বলেছিলেন, তাকে রান্না শেখার জন্য দেশে আসতে হবে। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পথে রওয়ানাও দিলেও নওরোজকে সিডনি বিমানবন্দরে আটক করা হয়।