বিনোদন ডেস্ক
সম্প্রতি ‘ও মাই গড টু’ (ওএমজি ২) সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এছাড়া তার হাতে রয়েছে বেশ কয়েকটি দক্ষিণী ও বলিউড সিনেমা। তবে এরইমাঝে মন খারাপ করা খবরের শিরোনামে এলেন তিনি। জানা গেছে, ওএমজি টু সিনেমার শুটিং ইউনিটের ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই বলিউডে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বেশ আয়োজন করে গত দু’দিন আগেই সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা উমেশ শুক্লা। কিন্তু হটাত্ সেখানে ৩ জনের করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষা করা হলে ৭ জন করোনা পজিটিভ হন। আক্রান্ত ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর পাশাপাশি দুই সপ্তাহের জন্য শুটিং স্থগিত করেছেন নির্মাতা। তবে ছবির পরিচালক ও শুটিংয়ে অংশ নেওয়া দুই তারকা পঙ্কজ ও ইয়ামির করোনা নেগেটিভ বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইয়ামি বলেন, ‘আমরা সচেতনতা অবলম্বন করেই শুটিং করছিলাম। কিন্তু প্রকৃতির ওপর তো আমাদের কারো হাত নেই। হটাত্ এমন দুঃসবাদ সত্যি কষ্টদায়ক। এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত শুটিং বন্ধ করা হয়েছে। আশা করছি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে।’