যমুনার চরে কাশফুল

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

সারিয়াকান্দির দিগন্ত বিস্তৃত যমুনার চরে মুগ্ধতা ছড়াচ্ছে কাশফুলের শুভ্রতা। প্রতিদিন বিকালে বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নারী-পুরুষ এসে ভিড় জমাচ্ছেন সারিয়াকান্দির যমুনার বিভিন্ন চরে। বন্যার পানি নেমে যাওয়ার পর যমুনা বক্ষে জেগে ওঠা চর কাজলা, বাটিয়া, শালুকা, কুড়িপাড়া, পাকুরিয়া, বাগবেড়, দারুনা, দিঘলকান্দি, মথুরাপাড়া, নাড়াপালাসহ বিভিন্ন কাশবনে শ্বেত-শুভ্র কাশফুল মুগ্ধতা ছড়িয়ে বাতাসের দোলায় ঢেউ খেলে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, কাশফুল শুধু মুগ্ধতাই ছড়ায় না, অর্থনৈতিক নানা দিকও আছে। কাশফুল ও পাতা ঝরে জৈবসার তৈরি করে, যা জমির উর্বরতা শক্তি বাড়ায়। সবুজ কাশ গোখাদ্য হিসেবে ব্যবহূত হয়।