রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারী উপজেলায় বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জানিক আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। জানিক আলী দক্ষিণ বাগুয়ারচর গ্রামের মৃত আব্দুস ছামাদ ফকিরের ছেলে। বাগুয়ারচর গ্রামের আব্দুল আজিদ ও শরিফুল্লাহ বলেন, আমরা বাগুয়ারচর নুরুল ইসলাম সাধুর বাড়িতে আম গাছ কাটার জন্য যাই। জানিক আলী গাছে উঠে ডাল কাটার সময় ডালটি বিদ্যুতের মেইন লাইনের তারের ওপর পড়ে যায়। এ সময় গাছটি বিদ্যুতায়িত হলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বন্দবেড় ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।