ইত্তেফাক রিপোর্ট
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে-মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ অক্টোবর ৫২তম বিশ্ব মান দিবস পালন করা হবে। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মান সংস্থার প্রধানগণ বাণী দিয়েছেন। বিশ্ব মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী।