নারায়ণগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে দুই ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব। গতকাল বুধবার দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় প্রতারণামূলক প্রতিষ্ঠান এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লি.-এর অফিসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে সহজসরল সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং এমডি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং চাকরিপ্রত্যাশী আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিনে র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া তোলারাম কলেজ রোড এলাকায় অন্য একটি প্রতারণামূলক প্রতিষ্ঠান এম. আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লি.-এর অফিসে অভিযান চালানো হয়। এ সময় এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লি.-এর অনুরূপ প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লি. নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রায়হানকে গ্রেফতার করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিও অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল।

এ সময় আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত সরঞ্জাম জব্দ করা হয়। গত ছয় মাসে এ প্রতিষ্ঠানটি ১২ শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। এদিকে ভুক্তভোগী রিয়াজুল, স্মৃতি আক্তার, রাব্বি, রাবেয়াসহ একাধিক ভুক্তভোগী জানায়, তারা ফেসবুকে বিজ্ঞাপন দেখে চাকরির জন্য গেলে প্রথমে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ৫০ টাকা রাখে পরবর্তীকালে বিভিন্ন ধাপে ধাপে সাড়ে ৭ হাজার থেকে ১৫ হাজার টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিলেও তারা চাকরি পায়নি।