ইভ্যালি ব্যবস্থাপনায় সাবেক তিন সচিবের নাম হাইকোর্টে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনায় কমিটি গঠনের লক্ষ্যে হাইকোর্টে সাবেক তিন সচিবের নাম দাখিল করা হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে তাদের আইনজীবী এই নামের তালিকা দাখিল করেন। আগামী ১৮ অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ।  ইভ্যালির চেয়ারম্যান ও সিইও ফৌজদারি মামলায় কারাগারে থাকায় প্রতিষ্ঠানটিতে চার সদস্যের বোর্ড গঠন করে দেওয়ার কথা বলে হাইকোর্ট। গতকাল শুনানিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী তাপস কান্তি বল বলেন, অবসরপ্রাপ্ত তিন জন সচিবের নাম দেওয়া হয়েছে। আদালত বলেন, কর্মরত রয়েছেন এমন সচিবের নামও দিন। আইনজীবী বলেন, আদালতের অনুমতি পেলে দাখিল করা যাবে। আদালত বলেন, আশা করি ভালো লোকের নাম দেবেন। যাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই।  গতকাল আদালতে সাবেক তিন সচিবের নাম দাখিল করা হয়েছে। এরা হলেন—মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, মো. রেজাউল আহসান ও ইয়াকুব আলী পাটোয়ারী।