পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের একটি সরকারি ওয়েবসাইটে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবার বাংলাদেশে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারিক মোহাম্মদ পাকিস্তানি দূতকে তলব করে প্রতিবাদলিপিটি হস্তান্তর করেন। পররাষ্ট্র   মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি সরকারের নজরে আসার পর পাকিস্তানের দূতকে তলব করা হয়। তার কাছে জানতে চাওয়া হয় যে, পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে যে কেউ যেকোনো ধরনের মন্তব্য করতে পারে কিনা এবং এসব মন্তব্য সেন্সর করার জন্য কেউ আছে কিনা। জবাবে দূত জানান, বিষয়টি তার সদর দফতরকে অবহিত করবেন।