ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পালানোর রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি করে। তাদের পলায়নপর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি প্রকাশ্যে নির্বাচনে অংশ নেয় না। তবে নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী হবে—যা তাদের কর্মী-সমর্থক ও ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এ হঠকারিতার মাশুল তারা এখন দিচ্ছে, ভবিষ্যতেও দিতে হবে। গতকাল বুধবার যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন নিয়ে যেসব অভিযোগ সেগুলো যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে প্রয়োজনে সংশোধন করা হবে। তৃতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে গঠনতন্ত্র মোতাবেক দলের সব ইউনিয়ন শাখাকে ১৬ অক্টোবর থেকে রেজুলেশন প্রস্তুত করতে সভা ডাকার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি শেষ মুহূর্তে রেজুলেশন প্রস্তুত করার কারণে অনেক জায়গায় সাংগঠনিক নীতি অনুসরণ করা হয় না। আবার শেষ মুহূর্তে একসঙ্গে সব রেজুলেশন নিয়ে কাজ করা একটি দুরূহ বিষয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যার নেতৃত্বে বিএনপি চলছে তিনি একজন পলাতক আসামি। সবচেয়ে বড় কথা হলো, তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন। আর ফিরে আসেননি। কাজেই পালানোর অভ্যাসটি তাদেরই। তাদের নেতাই তো পলাতক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনুসহ স্থানীয় নেতৃবৃন্দ।