ইত্তেফাক রিপোর্ট
আন্তঃ ব্যাংকিং রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মো. রোকনুজ্জামানসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন এ চার্জশিট অনুমোদন করে। অনুমোদিত চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন, উত্তরা ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার মুক্তার হোসেন, ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) মো. রোকনুজ্জামান, সেকেন্ড অফিসার (বরখাস্ত) মো. নিজামউদ্দীন।
দুদকসূত্র জানায়, আন্তঃ ব্যাংকিং রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১৬ মে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযোগে বলা হয়, অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে তথ্য গোপনপূর্বক পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ২৭ মে উত্তরা ব্যাংক লিমিটেডের নিতাইগঞ্জ শাখার একটি আইবিডিএ’র (ট্রান্সফার ভাউচার) এর মাধ্যমে ১ কোটি ৫০ লাখ, একই বছরের ১৫ সেপ্টেম্বর অপর একটি আইবিডিএ’র মাধ্যমে ৪০ লাখ, একই বছরের ২২ মে একই ব্যাংকের মুন্সীগঞ্জের রিকাবী বাজার শাখার অপর একটি আইবিডিএ’র মাধ্যমে ৫০ লাখ এবং একই বছরের ২৭ মে একই শাখার অপর একটি আইবিডিএ’র মাধ্যমে ৬০ লাখ টাকা সর্বসাকুল্য আত্মসাত্ করেন। এ মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সুমিত্রা সেন।