বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। বাংলাদেশে যেগুলো একসঙ্গে চিকিত্সা করানো সম্ভব নয়। সেজন্য তাকে বিদেশ নিতে হবে। তিন বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিত্সা হয়নি। চিকিত্সকরা বারবার বলেছেন, খালেদা জিয়ার যে অসুস্থতা দেশে তার পূর্ণাঙ্গ চিকিত্সা সম্ভব নয়, তাই মানসম্পন্ন কোনো বিদেশি হাসপাতালে তাকে নেওয়া দরকার। তাহলে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না? গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ দাবি জানান।
আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আ ন ম এহসানুল হক মিলন, আব্দুস সালাম, সেলিম ভূঁইয়া, অনিন্দ্য ইসলাম অমিত, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
ফখরুল বলেন, খালেদা জিয়ার কয়েক দিন জ্বর আসছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। যেগুলো একসঙ্গে চিকিত্সা করাতে অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি বলেছেন আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি। আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন। এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেল! পদ্মা সেতু-মেট্রোরেল উদ্বোধন হলে বিএনপি নাকি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল দেখবেন আপনারা।