যে কোনও ব্যক্তির কাছেই তার জন্মদিন তার জন্য বিশেষ একটি দিন। কেক কেটে জন্মদিন পালনও সাধারণ ব্যাপার। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে একাধিক কেক উপহার হিসেবে পান। ভারতের মুম্বাইয়ে এক যুবক জন্মদিনে এক সঙ্গে ৫৫০টি কেক কেটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে সেই ভিডিও।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে কান্দিভালি এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তিনটি টেবিল একসঙ্গে রাখা। আর তাতে সাজানো একের পর এক কেক। তাও আবার পাঁচ-ছ’টি নয়, একেবারে ৫৫০টি। শুধু তাই নয়, একেকটি এক-একরকম ফ্লেভারের। কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, অতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।
প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, চারিদিক ঘিরে রয়েছে সেই যুবকের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা। আর সে দু’হাতে দুটি ছুরি দিয়ে বেশ দ্রুততার সঙ্গে কেক কাটছে।
ইত্তেফাক/এফএস