পঞ্চগড়ে কাদিয়ানীদের ৩দিন ব্যাপী সম্মেলন অবিলম্বে বন্ধ করার জন্যে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো আল হাইয়াতুল উলইয়া লিলজামিয়াতিল ক্বওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাযতে ইসলাম বাংলাদেশের আমীর এবং হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী তার নিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, কাদিয়ানীরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। অর্থাত্ মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিভাবে কাফের। অথচ তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে । এরই অংশ হলো পঞ্চগড়ে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্মেলন।
তিনি আরো বলেছেন, কাদিয়ানীদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং কাদিয়ানিদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি। যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হবো ইনশাল্লাহ!
বিবৃতিতে তিনি খতমে নবুয়তের বরকতময় আন্দোলন যারা করছেন, তারাসহ সকল দীনি আন্দোলনের নেতাকর্মীদেরকে কালবিলম্ব না করে এই মুহূর্তে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুয়তের চিরশত্রু কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান।