তোমাকে ছুঁতে পারি না, তোমার দুঃখগুলো ছুঁয়ে থাকি
অস্তিত্ব থেকে খসে খসে অসীমে বিলীন হয়ে যাই
একটি ধবল পাখি উড়ে যেতে যেতে ঠোঁটে পুরে নিয়ে গিয়েছিল
আকুতি আমার—গা ঝাড়া দাও পেট আর চোখের জঞ্জাল ঠেলে
একই গোলার্ধে তুমিও দেখছ বলে চাঁদের বুকে সেঁটে দিয়েছিলাম
জুঁই-চামেলি-বকুলের ইঙ্গিত
আমার মোটেও জানা ছিল না শকুন কতটা উদ্ধত তাড়নায়
জন্মের পর থেকেই আমাকে চোখে চোখে রাখছিল
টিকটিকিটা তোমার খোঁপায় ফুল হয়ে ফুটেছিল
ফুলযাত্রী আমরা দুজন বিরহ চিরকাল
রাতের গরাদে অন্ধকারে বাস
হাতড়ে খুঁজি একে-অন্যের শ্বাস
তোমাকে ছুঁতে পারি না, তোমার দুঃখগুলো ছুঁয়ে থাকি
[ঢাকা]