টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ২৫-এর মধ্যে মাত্র ৫টিতে জিতেছে। টেলিফোনে ও ইমেইলে ইত্তেফাকের পাঠকদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল—আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলবে বলে তারা মনে করেন। এ বিষয়ে পাঠকের দেওয়া মতামত প্রকাশ করা হলো—

টি-২০ বিশ্বকাপ বাংলাদেশের জন্য এবার হতাশায় পরিণত হয়েছে। ছয় আসরের একটিতে নকআউট পর্বে যেতে পারেনি বাংলাদেশ। এটা অনেক দুঃখজনক। বিশ্বকাপের মঞ্চে ওয়েস্টইন্ডিজ বাদে বড় দলগুলোর বিপক্ষে জয়শূন্য বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ অবশ্যই অনেক ভালো খেলবে। তবে এর জন্য অনুশীলন অনুশীলন অনুশীলন—এছাড়া আর কোনো পথ নেই।

মুন্সী মোহাম্মদ ওয়াহীদউল্লাহ, মিরপুর-১, ঢাকা ১২১৬

খেলাতে জয়-পরাজয় থাকবে, এটাই সত্য। যে কোনো বিষয়ের প্রতিযোগিতা হচ্ছে মূল বিষয়। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ২৫টির মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। ভেঙে পড়লে চলবে না। অনুশীলন-চর্চা ও দৃঢ় প্রত্যয়ী হয়ে এগিয়ে যেতে হবে। গিরিশৃঙ্গ পথে এগিয়ে যেতে হবে। ক্রিকেটে আমাদের দেশের টাইগাররা অনেক শক্তিমান ও পারদর্শী—এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাই, বাংলাদেশ ২৫টির মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে, এটাকে নিয়ে হতাশ হওয়া যাবে না।

অ্যাডভোকেট এস কে মো. রমিজউদ্দিন

পুরানা পল্টন, ঢাকা

টি-২০ বিশ্বকাপে অন্য বছরের তুলনায় এবার বাংলাদেশের অবস্থা খুবই হতাশাজনক মনে হয়েছে। যদিও এ হারের একটি ছিল অতীতে হংকংয়ের কাছে। সেটি ছিল নিজ দেশে ২০১৪ সালে। তবে আমাদের এবারের প্রত্যাশা টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। এগিয়ে যাক বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দল ।

আল মায়ামী

ফুলবাড়ীয়া সাভার

ক্রিকেটে বাংলাদেশ টাইগাররা ভালো খেলেছেন বলে অনেক অর্জন সম্ভব হয়েছে। আবার ক্রিকেটে সফলতার অর্জন ম্লান করে দেন এই টাইগাররা। টি-২০ ক্রিকেটের ২৫টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল মাত্র পাঁচ ম্যাচে জয়লাভ করায় ক্রিকেট দর্শক-ভক্ত অনুরাগীরা হতাশ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনই পারবে সব বাধা পেরিয়ে ক্রিকেটের বিজয় ছিনিয়ে আনতে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে ভালো খেলা উপহার দেবে, যদিও খেলাধুলায় জয়-পরাজয় রয়েছে। তবুও আমাদের চেষ্টা করে এগিয়ে যেতে হবে।

ফারুক আহমেদ

বাগমারা, রাজশাহী

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে বলে আমাদের এখনো বিশ্বাস আছে। আমাদের টাইগারেরা অত্যন্ত শক্তিশালী ও অদম্য খেলোয়াড়। হয়তো কখনো তারা হেরে যেতে পারেন, কিন্তু অবশ্যই তারা তাদের মনোবল ঠিক করে আবারও গর্জে উঠবেন।

মো. মামুন

বংশাল ঢাকা

বর্তমানে ক্রিকেটের একটি দৈন্যদশা চলছে। আমাদের খেলোয়াড়রা মনে হয় আগের চেয়ে একটু দুর্বল হয়ে পড়েছেন। যার জন্য আমাদের জয়ের মাত্রা কমে গেছে। তবে এ ব্যাপারে আমাদের হতাশা হলে চলবে না। আমাদের টাইগাররা নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস, আত্মশক্তি জাগ্রত করার মনোভাব নিয়ে এখন থেকে নিয়মিত অনুশীলন এবং বিশ্বকাপে একটি সম্মানজনক অবস্থায় পৌঁছানোর জন্য যদি চেষ্টা চালিয়ে যান, তবে অবশ্যই তারা সফল হবেন। আমাদের বিশ্বাস বিশ্বকাপ জয়ের মনোভাব নিয়ে অনুশীলন করলে তারা ফাইনালে না যেতে পারলেও সেমিফাইনালে পর্যন্ত উত্তীর্ণ হতে পারবেন। আমাদের টাইগাররা আবার গর্জে উঠুক, এটাই আমাদের সবার আন্তরিক কামনা।

মাখরাজ খান

সাটুরিয়া, মানিকগঞ্জ

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ২৫টির মধ্যে মাত্র পাঁচটি ম্যাচে জিতেছে। এটা সবার জন্য দুঃখের ও কষ্টেরও। তবে হেরে গিয়ে ভয় পেলে বা সাহস হারালে চলবে না। সাহস ও মনোবল নিয়ে অনুশীলন করতে হবে নিয়মিত। অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে। অতীতের এমন অনেক ইতিহাস আছে। অনেক ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, আবারও সামনে করবে।

রাসেল আহমেদ

মুগদা ঢাকা

আসছে টি-২০ বিশ্বকাপে অনেক দলের সঙ্গে খেলবে বাংলাদেশ দল। দেশের মাটিতে পরিচিত পরিবেশে খেলেছে, জয়ও পেয়েছে। বিদেশের মাটিতে বড় দলের সঙ্গে কী করে তা দেখার বিষয়।

সালেহা আফরিন বেবী

শিবগঞ্জ, সিলেট

অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ই প্রতিটি দলের প্রাণ। ইতিপূর্বে কখনো এমন অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়ে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। তাই, আমরা আশাবাদী, এবার আমরা টি-২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্স ও ভালো ফলাফল করবে বাংলাদেশ। স্বাধীনতার ৫০তম বর্ষ ও মুজিবশতবর্ষে বাংলাদেশ উত্সবের রঙে রাঙালেও অবাক হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ।

মো. ফখরুল ইসলাম টিপু

সেনবাগ, নোয়াখালী

দেশের মাঠে সাম্প্রতিক সিরিজগুলোতে অপেক্ষাকৃত খর্ব শক্তির দলের সঙ্গে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করলেও বিদেশের মাঠে বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রত্যাশানুযায়ী পারফরম্যান্স দেখানো অনেক কঠিন হবে। তবে বাংলাদেশ নিঃসন্দেহে চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেটের অন্যতম একটা শক্তিতে পরিণত হয়েছে। খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে এবারের আসরে বাংলাদেশের অনেক দূর যাওয়া সম্ভব। পাশাপাশি দল নির্বাচনে টিম ওয়ার্কের উন্নতির প্রতি কোচ ও নির্বাচকদের সাবধানী হতে হবে। আশা করছি, টাইগাররা সমর্থকদের প্রত্যাশা পূরণে সচেষ্ট হবে।

মোহাম্মদ ফয়সাল

পূর্ব মাদারবাড়ী, চট্টগ্রাম

ঘরের মাঠে সর্বশেষ একাধিক সিরিজে ঈর্ষণীয় দলীয় পারফরম্যান্স বিদেশের মাটিতে সামনের টি-২০ বিশ্বকাপেও অক্ষুণ্ন রাখতে হলে প্রত্যেক খেলোয়াড়কে তাদের নামের প্রতি সুবিচার করতে হবে। অন্যথায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশিত ফলাফল অর্জন এক কথায় অসম্ভবই বলা চলে। পিচের সম্ভাব্য চরিত্রানুযায়ী দল নির্বাচন করার দিকে বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে।

এ এফ এম সালাহউদ্দিন

ধ্রুবনীল এন্টারপ্রাইজ, বান্দরবান

প্রত্যাশার একটা বিশাল তাড়না নিয়েই বাংলাদেশকে আসন্ন টি-২০ বিশ্বকাপ অভিযানে নামতে হবে। কারণ বিশ্বকাপের পরিসংখ্যানে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত সাদামাটা হলেও সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে অসাধারণ দক্ষতা এবং ইতিহাস গড়া নৈপুণ্যের মিশেলে উপর্যুপরি সিরিজ জয়ে প্রত্যাশার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। মনো সংযোগ ও একাগ্রতা ঠিক রেখে ব্যক্তিগত প্রতিভার সর্বোচ্চ স্ফুরণ ঘটিয়ে দল হিসেবে নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই এবারের বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের টি-২০ বিভাগকে দারুণভাবে সমৃদ্ধ করবে। দেশের কোটি কোটি ক্রিকেটানুরাগীর আশা ও প্রত্যাশা পূরণে সব খেলোয়াড়কে নিজেদের স্বাভাবিক ছন্দে থাকতে হবে। এছাড়া মাঠের বাইরের কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি যেন তাদের মানসিকতা ও খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে না পারে তার প্রতি টিম ম্যানেজমেন্টের বিশেষ দৃষ্টি দিতে হবে।

আবু ফারুক

বনরূপা পাড়া, সদর, বান্দরবান