রূপগঞ্জে কৃষকের বাড়িতে হামলা ভাঙচুর লুট

রূপগঞ্জ উপজেলার পূর্ব দাউদপুর এলাকার কৃষক মোহাম্মদ আলীর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তারা রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, এসএসপাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা মহিলাদের শ্লীলতাহানি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মোহাম্মদ আলীর স্ত্রী মাকসুদা বেগম  ও তার ছেলে সোহেল মিয়া, সুমন, ভাতিজা বিপ্লব হাসান, প্রতিবেশী রাসেল মিয়া, রোমান মিয়া ও নাতি শেখ ফরিদকে  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।

 মোহাম্মদ আলী বাদী হয়ে পূর্ব দাউদপুর এলাকার সাত জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মহিবুল্লাহ জানান, এজাহার নামীয় আসামি সবুজ মিয়া, গিয়াসউদ্দিন ওরফে গেদু, মিনার হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর  রয়েছে।