ড্রেনে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক ব্যক্তিকে উদ্ধার

রাজধানীর কালশীতে সুয়্যারেজ লাইনের একটি ড্রেনে নিখোঁজ হওয়া ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং তার বয়স আনুমানিক                 ৪০ বছর। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ড্রেনে পড়ে যাওয়ার পর ঐ ব্যক্তি ভাসতে                   ভাসতে অনেক দূর চলে যান। সেখানে গিয়ে আবর্জনার স্তূপে আটকা পড়েন। ঐ স্তূপ থেকেই তাকে উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে এক পথচারী ফায়ার সার্ভিসকে ফোন করে ঐ ব্যক্তিকে তিনি ড্রেনে পড়ে ভেসে যেতে দেখেছেন বলে খবর দেন। এরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।