ছেলের ছুরিকাঘাতে আহত মায়ের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে আহত মা গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ঘাতক শফিকুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি।

দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, ফায়দাবাদ টিআইসি কলোনি এলাকার বাসায় সোমবার বিকালে পারিবারিক নানা বিষয় নিয়ে শফিকুলের সঙ্গে তার মা হামিদা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে মাকে ছুরিকাঘাত করলে ভাবী শারমিন চিত্কার দেন। পরে শারমিনকে ছুরিকাঘাত করে শফিকুল পালিয়ে যায়। তাদের দুজনকে উদ্ধার করে টঙ্গি সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা শারমিন আক্তারকে (৩০) মৃত ঘোষণা করেন। পরে হামিদা বেগমকে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে চিকিত্সাধীন অবস্থায় হামিদার মৃত্যু হয়।