সিরাজগঞ্জে মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি ও ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সিরাজগঞ্জের নলকা সেতুতে সংস্কার কাজের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ২৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

নলকা সেতুতে সংস্কার কাজের কারণে মাত্র একটি লেন খোলা রাখায় গত মঙ্গলবার থেকেই এই মহাসড়কে যানবাহনের গতি কম ছিল। বুধবার রাতে ঐ লেনটিও বন্ধ করে দেওয়া হয়। আর তাতে শুরু হয় যানজট। বৃহস্পতিবারে তা ভয়াবহ আকার ধারণ করে। নলকা সেতু সাময়িকভাবে বন্ধ থাকার কারণে সিরাজগঞ্জ শহরের ভেতরের সড়কে যানবাহন চলাচলের ফলে সিরাজগঞ্জের আঞ্চলিক সড়কগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ বেড়েছে। এই যানজট শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গত ১২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে খানাখন্দ মেরামতের জন্য কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত এই কাজ চলবে। এ কারণে উত্তরবঙ্গগামী সব যানবাহনকে আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, এই ঘোষণা না মানার কারণে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

লালমনিরহাট থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক রহিম বলেন, আমি গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হাটিকুমরুল গোল চত্বরে এসেছি। বৃহস্পতিবার ১০টা পর্যন্ত কড্ডার মোড় পর্যন্ত এসেছি।

এদিকে ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার ভোর রাত থেকে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সেতু পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে যায়। তবে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) মো. সাহেদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।