কংশ একাদশ চ্যাম্পিয়ন

নেত্রকোনা প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোমশ্বেরী একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কংশ একাদশ। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এবং গতকাল মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় কংশ একাদশের রেজ্জাকুল একমাত্র গোলটি করে দলকে বিজয়ী করেন।

খেলা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, প্যানেল মেয়র এস এম মহসিনুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।