মানুষ বিজেপিকে জবাব দেওয়ার জন্য বসে আছে। নরেন্দ্র মোদি জানেন উনি আর ক্ষমতায় আসবেন না। দেশে গণতন্ত্রকে বাঁচাতে নতুন সরকারের প্রয়োজন। গতকাল মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বুধবার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন। তাতে যোগ দিতেই মমতার দিল্লি যাওয়া। সেখানে বিজেপিবিরোধী অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।
মমতা বলেন, আরএসএস বিজেপির সঙ্গে মিলিত হয়ে খুন খারাবি করছে। আমরা নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়েছি। প্রথমে বলা হচ্ছে ৬ বছরের জন্য বিদেশি হয়ে যাও। তারপর ঠিক হবে নাগরিকত্ব দেওয়া হবে, কি হবে না। যারা ইতোমধ্যেই একটি রাজ্যের নাগরিক তাদের নতুন করে নাগরিকত্বের প্রয়োজন কী? ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং লিয়াকত—নেহরুর মধ্যে যে চুক্তি হয়েছিল তা পাল্টাতে চাইছে কেন?? সেই সময় যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে এদেশে এসেছিলেন তারাও সম্পূর্ণ ভারতীয়। দেশের উত্তরপূর্ব অংশের মানুষদের অসম্মান করা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধনীর নামে। আমরা চাই না হিন্দু—মুসলিম—শিখের নামে বিভাজন হোক।