আগামী সপ্তাহ থেকে পুরান ঢাকার কেমিক্যাল কারখানায় অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে ‘ট্রেডলাইসেন্স নবায়ন ও কেমিক্যাল পল্লিতে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ক্যামিক্যাল কারখানার ট্রেডলাইসেন্স নবায়নের আগে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, এফবিসিসিআই, পরিবেশ অধিদফতর, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটি সরেজমিন যাচাই বাছাই করবে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ২০টি কেমিক্যাল যাদের কাছে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের কারখানায় নিষিদ্ধ ঘোষিত কেমিক্যাল থাকবে না, কমিটির পরামর্শ অনুযায়ী তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে।
তিনি বলেন, যদি কোনও ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, গোডাউন বা বাসায় ধাহ্যপদার্থ থাকে যা জান ও মালের জন্য হুমকিস্বরূপ তাহলে সেগুলোর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ডিএসসিসির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।