স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা জড়িত, তারা শিগগিরই ধরা পড়বে। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ, বিজিবি, র্যাবসহ সব গোয়েন্দা বাহিনীর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা কেন করেছে, তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব।’ এ ঘটনায় ইতিমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এ সময় জানান মন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, ‘কুমিল্লার একটি পূজামণ্ডপে একটি অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। বুধবার সকালে সেটি আমাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী এটি কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করে। ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে সারা দেশে এটা চলে যায়।’ ‘এছাড়া আমরা চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম চার জন নিষ্পাপ মানুষ নিহত হলো। সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা রাত কাজ করেছেন। যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। আমাদের দেশে যে সাম্প্রদায়িক মেলবন্ধন আছে, এটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র চলছে বলেই আমরা মনে করছি।’ প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত সব ধর্মের মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।