সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নবঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার  বিকালে আবারও নগরীতে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন দুই শাখার পদবঞ্চিত নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা। নগরীর তেলিহাওর এলাকা থেকে জেলা শাখার সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। অন্যদিকে মহানগর শাখার বিদ্রোহীরা চৌহাট্টার সড়ক ও জনপথ বিভাগের ভবনের সামনে থেকে মিছিল শুরু করে সিলেট সিটি করপোরেশনের সামনে এসে জেলার নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন। পরে চৌহাট্টা পয়েন্টে এসে মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রায় চার বছর পর মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি করা হয় মো. নাজমুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয় রাহেল সিরাজকে। আর সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয় কিশোয়ার জাহান সৌরভকে ও সাধারণ সম্পাদক করা হয় নাঈম হাসানকে।

টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি শাহারিয়ার আলম সামাদ। মঙ্গলবার বিকালে তেলিহাওর থেকে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।