খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, দোয়া কর্মসূচি আজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার জ্বর গতকালও ওঠানামা করেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি বেগম জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা অত্যন্ত চিন্তিত। কারণ তার অনেকগুলো অসুস্থতা আছে। এগুলোর সামগ্রিক যে চিকিত্সা আছে, যেগুলো অ্যাডভান্স সেন্টার ছাড়া কোনোভাবেই বাংলাদেশে সম্পন্ন হবে না। তিনি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিত্সার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিএনপির উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।