তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি জাপার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। রাষ্ট্রধর্ম ইসলাম ও মরহুম এইচ এম এরশাদ সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় দলটির নেতারা এই দাবি জানান।

জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দলটির নেতারা বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ সম্পর্কে অশালীন, কাণ্ডজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে ডা. মুরাদ হাসানকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দেওয়ার কথা বলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন।’ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, শফিকুল ইসলাম শফিক, ইয়াহ্ইয়া চৌধুরী, গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন প্রমুখ।