পদ্মা সেতু এলাকা থেকে গ্রেফতার হওয়া ভারতীয় যুবক রিমান্ডে

পদ্মা সেতু এলাকা থেকে গ্রেফতার হওয়া ভারতীয় যুবক উপেন্দ্র বিহারের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছে মুন্সীগঞ্জে আদালত। গতকাল পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতটির বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।

মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন জানান, উপেন্দ্র বিহার ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন। পাগলবেশ অবস্থায় পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কনসট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনী তাকে আটক করে গত মঙ্গলবার দুপুরে লৌহজং পুলিশকে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের ভিসা বা পাসপোর্ট কিছুই দেখাতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বুধবার আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।