বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ। শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিন ঢাকেশ্বরী, বনানীসহ তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। আমরা আজ এখানে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।’

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, সেই দুর্বৃত্তরা এটা ঘটিয়েছে। তিনি বলেন, ‘আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

এর আগে বিকালে ঢাকা জেলার কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মির্জাপুর গ্রামের ‘রায়বাড়ি’ পূজামণ্ডপ পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।