l শাহিনুর আলম কলি
এই সময়ে ঘুরতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে সবাই মানানসই পোশাক পরতে চান। ইদানিং তরুণদের পছন্দের তালিকায় রয়েছে পোলো টি-শার্ট। নতুনত্ব আনতে গলায় ও কাঁধে যোগ করা হচ্ছে বাড়তি নকশা। হালকা রঙের কিংবা স্ট্রাইপ পোলো শার্ট মানিয়ে যাবে যেকোনো অনুষ্ঠানেই। সব ধরনের প্যান্টের সঙ্গেই পোলো শার্ট পরা যাবে। জিনসের প্যান্টের সঙ্গে যেমন মানিয়ে যায়, আবার পরতে পারেন গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গেও। সব ধরনের জুতাই মানানসই, স্নিকার, কেডস থেকে শুরু করে দুই ফিতার স্যান্ডেল পরতে পারেন অনায়াসেই। একটু শুরুগম্ভীর অনুষ্ঠানে পোলো শার্টটা শুধু প্যান্টে গুঁজে দিন। সেমি ফরমাল লুকে নিজেকে খুঁজে পাবেন। এক রঙের পোলো শার্টের পাশাপাশি চলছে স্ট্রাইপ পোলো শার্ট। ব্যায়াম করা পেশিবহুল বাহু যাদের, তারা হাতায় রাবার দেওয়া কাফের পোলো শার্ট বেছে নিতে পারেন, এতে আকর্ষণীয় দেখাবে। হালকা গড়নের হাতে রাবার ছাড়া কাফ পোলোই বেশি মানানসই। যে গড়নেই শরীর হোক না কেন, ঢিলেঢালা শার্ট না পরে বেছে নিন ফিট কিংবা সেমি ফিট পোলো শার্ট। ফ্যাশন হাউজ ‘ইজি’র কর্ণধার তৌহিদ চৌধুরী বলেন, ‘পোলো শার্টের চাহিদা সববয়সীদের কাছেই প্রায় সমান। শুধু ব্যক্তিত্ব আর রুচি অনুযায়ী নির্দিষ্ট পোলো শার্টটি বাছাই করে নিতে হবে। এখন একরঙা পোলো শার্ট যেমন চলছে, তেমনি স্ট্রাইপ পোলো শার্টও অনেকে পছন্দ করছেন। পোলো শার্টের রঙে ও নকশায় এসেছে বৈচিত্র। পছন্দের যেকোনো রঙেরই পোলো শার্ট মিলবে ফ্যাশন হাউজগুলোতে। তবে উজ্জ্বল রঙের পোলো শার্টের কাটতি বেশি। ছবিতে কিংবা সেলফিতে উজ্জ্বল রংই যে বেশি চোখে লাগে! ব্র্যান্ডভেদে পোলো শার্টের বোতামের সংখ্যায় ভিন্নতা আছে। কোনো পোলো শার্টে তিন থেকে চারটি বোতাম দেখা যায়। আবার কোনোটিতে দুই বা তিনটি বোতাম। বোতামবিহীন পোলো শার্টের কদরও কম না। ফ্যাশনের জন্য অল্প বোতামের পোলোর চাহিদাই বেশি বাজারে। এই বোতামের ডিজাইনেও আছে বৈচিত্র্য। মেটালের তৈরি বোতাম পোলো শার্টে নিয়ে এসেছে ভিন্নমাত্রা।’ দেশিয় ফ্যাশন হাউজ ইজি, ক্যাটস আই, এক্সট্যাসি, ইয়েলো, জেন্টল পার্ক, আমবার, সেইলর, মেনজ ক্লাবসহ বিভিন্ন ফ্যাশন আউটলেটে পোলো শার্ট পাওয়া যায়। এছাড়া বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, পলওয়েলে মার্কেটেও মিলবে পোলো শার্ট। ব্র্যান্ডভেদে দামের তারতম্য হয়। ৪০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যেই পাবেন পছন্দের পোলো টি-শার্ট।
মডেল নিহাব, নাহিদ ও রেহান
পোশাক ইজি
কোরিওগ্রাফি ইমু হাশমি
ছবি আকিব রায়হান