আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে কবুতর বেচা-বিক্রি। হাঁস-মুরগির মতো প্রতি হাটবারে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানান জাতের কবুতর নিয়ে হাটগুলোতে ভিড় জমায় কবুতর ব্যাপারীরা। সরজমিন উপজেলার হাটবাজার ঘুরে দেখা যায়, ঝুড়ি করে কবুতর নিয়ে আসছেন বিক্রেতারা। সারিবদ্ধভাবে বাজারের একমাথায় বসে চলছে কবুতর বেচাকেনা। ক্রেতারাও দাম করে জাত দেখে কবুতর কিনছেন। কবুতর বিক্রেতা মো. আরফাত বলেন, এই বাজারে সাদা, কালো ও হলুদ কিং, সিরাজী, গিরীবাজসহ হরেক রকমের কবুতর পাওয়া যায়। এছাড়া বাঙালি জাতের অসংখ্য কবুতর বিক্রি হয়ে থাকে। কবুতর কিনতে আসা রাকিব বলেন, আগে কবুতরের প্রয়োজন হলে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কবুতর কিনতে হতো, কিন্তু এখন সব বাজারে কবুতর পাওয়া যায়। কবুতর পালনকারীদের প্রশিক্ষণের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, এখনো কবুতর পালনের বিষয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। তবে আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি। এরই মধ্যে কবুতর পালনকারীদের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছি।