নেত্রকোনা প্রতিনিধি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বাংলাদেশ চিরায়ত সাম্প্রিদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে শত শত বছর ধরেই সব সম্প্রদায়ের লোকজন একত্রে শান্তিতে বসবাস করছে। কিন্তু একটি কুচক্রী মহল এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টা করছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনার নেতৃত্বের সরকার কঠোর হস্তে তা দমনও করেছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তাপাড়ায় সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে প্রতিমা পরিদর্শনের সময় উপস্থিত সুধীজন ও পূজারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেত্রকোনা জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট চণ্ডী প্রসাদ ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি শ্যামলেন্দু পাল, সম্পাদক প্রফেসর ননী গোপাল সরকার, প্রফেসর রবীন্দ্র মোহন গুণ, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা গাজী কামাল, রতন বর্মন, পল্টু মজুমদার, রঞ্জন ঘোষ ও সাংবাদিক আলপনা বেগম।