সাকিবদের স্পিন মোকাবিলায় প্রস্তুত পাপুয়া নিউগিনি

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ডের সঙ্গী দেশটি। বিশ্বকাপের মঞ্চে নিয়মিত হতে চায় পাপুয়া নিউগিনি। বাংলাদেশ দলটা নিশ্চিতভাবেই ওশেনিয়া অঞ্চলের দেশটির জন্য বড় প্রতিপক্ষ। টাইগারদের স্পিন আক্রমণ বড় চ্যালেঞ্জ বয়ে আনবে তাদের জন্য।

যদিও অধিনায়ক আসাদ ভালা সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, সাকিব-নাসুমদের স্পিন সামলাতে প্রস্তুত তার দল। বিশ্বকাপের মাঠে নামতে মুখিয়ে আছে পাপুয়া নিউগিনি। সাকিবদের বিরুদ্ধে খেলতে, নিজেদের সেরাটা তুলে ধরতে কঠোর পরিশ্রম করছে দেশটির ক্রিকেটাররা।

বাংলাদেশের স্পিন আক্রমণের বিপরীতে পাপুয়া নিউগিনির কৌশল জানতে চাইলে আসাদ ভালা বলেছেন, ‘আমাদেরকে বিশ্বমানের, অন্যতম সেরা স্পিন আক্রমণের মুখোমুখি হতে হবে। এটা আমাদের জানা আছে। এ বিষয়টা সামনে রেখেই আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ আগামী ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আসাদ ভালার দল।

বিশ্বকাপে খেলতে তর সইছে না দলটির। উপভোগের মন্ত্র নিয়েই মাঠে নামতে চায় পাপুয়া নিউগিনি। অধিনায়ক আসাদ ভালা বলেছেন, ‘এখন আমরা যে কতটা উত্তেজিত এবং নিজেদেরকে প্রকাশ করার জন্য যে কতটা উদগ্রীব হয়ে আছি, সেটা দেখাতে চাই। আমরা নিজেদের মতো করেই খেলব এবং নিজেরাই নিজেদের খেলায় আনন্দ খুঁজতে চাই।’

নিজেদের শক্তিমত্তা জানাতে গিয়ে তিন বিভাগের মধ্যে ফিল্ডিংকেই এগিয়ে রাখেন আসাদ ভালা। তিনি বলেছেন,  ‘আমাদের গর্ব হচ্ছে ফিল্ডিং বিভাগ। অন্যান্য বিভাগেও আমরা সমানতালে ভালো করতে চাই। পুরো দলটাকেই অলরাউন্ড দল হিসেবে তৈরি করতে চাই। আমরা নিজেদের সেরাটা নিয়ে মাঠে হাজির হব এবং নিজেদের দেশকে গর্বিত করার চেষ্টা করব।’

আগামীকাল স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিষেক হবে পাপুয়া নিউগিনির। ঐতিহাসিক এ মুহূর্তের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা দলকে। আসাদ ভালা বলেছেন, ‘সত্যি বলতে, এটা হচ্ছে আমাদের জন্য গৌরবময় এবং ঐতিহাসিক একটি মুহূর্ত। অনেকবারই আমরা বিশ্বকাপ খেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আর সম্ভব হয়নি। এবার আমরা সেটা অর্জন করেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য আর মাত্র দু-একদিন সময় হাতে আছে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে।’