ফেভারিট নেই জিততে পারে যে কেউ :মুরালি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে শিরোপাপ্রত্যাশী দলগুলোকে আলাদা কাতারেই রাখেন ক্রিকেট পণ্ডিতেরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও অনেকেই নিজেদের ফেভারিট দলের নাম উল্লেখ করেছেন। তবে মুত্তিয়া মুরালিধরনের কলামটি পড়লে হয়তো অবাকই হবেন তারা। কেননা আইসিসিতে লেখা সেই কলামে ফেভারিট হিসেবে কোনো দলের নামই উল্লেখ করেননি এই লঙ্কান কিংবদন্তি স্পিনার। মুরালি লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো এখানে কেউই পরিষ্কারভাবে ফেভারিট নয়। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় মনে হচ্ছে কোনো বড় দল নেই। তাই যে কোনো দলই শিরোপা জিততে পারে।’

আইপিএল অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিক ভাবেই আরব আমিরাতের উইকেটগুলো আগের থেকে তুলনামূলক ধীরগতি হয়ে গেছে। এমন উইকেটে স্পিনাররা চমক দেখাতে পারে বলে জানিয়েছেন মুরালি, ‘আমি আইপিএলের কারণে আরব আমিরাতে ছিলাম এবং উইকেট দেখে এটা পরিষ্কার যে, স্পিনাররা বিশ্বকাপে বড় ভূমিকা পালন করবে। কিউরেটর কীভাবে উইকেট প্রস্তুত করবে, সেটার উপরই নির্ভর করবে। তবে দেখে মনে হচ্ছে স্পিনাররা ব্যাটসম্যানদের বেশ ঝামেলায় ফেলবে।