বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ ৭৬তম

বৈশ্বিক ক্ষুধা সূচকে এক ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশ করা ১১৬ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭৬তম। আর এই সূচকে পাকিস্তান ৯২তম এবং ভারতের অবস্থান ১০১তম। যদিও বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমার। তাদের অবস্থান ৭১তম।

গত বছর ১০৭টি দেশের তথ্য নিয়ে বৈশ্বিক ক্ষুধা সূচক প্রকাশ করা হয়। এতে মিয়ানমার, ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। আর মিয়ানমার ৭৮তম, পাকিস্তান ৮৮তম এবং ভারতের অবস্থান ছিল ৯৪তম।

আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে এবারের প্রতিবেদন তৈরি করেছে। ১০০ পয়েন্টের ভিত্তিতে প্রতিটি দেশের স্কোর হিসাব করে অবস্থান নির্ধারণ করা হয়। সূচকে সবচেয়ে ভালো স্কোর হলো শূন্য। আর স্কোর বাড়ার অর্থ হলো—সেসব দেশের ক্ষুধা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। 

সূচক অনুযায়ী, বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১। এর অর্থ বাংলাদেশে মাঝারি মানের ক্ষুধা রয়েছে। এবারের সূচকে পাঁচেরও কম স্কোর নিয়ে ক্ষুধা সূচকের শীর্ষ অবস্থানে রয়েছে ১৮টি দেশ। এর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, ব্রাজিল, তুরস্ক, কিউবা ও কুয়েত। আর সবচেয়ে বেশি স্কোর পেয়ে তালিকায় সবার নিচে রয়েছে সোমালিয়া।