ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস করতে না দেওয়ার অনুরোধ আলেমদের

পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আলেম-ওলামারা। গতকাল শুক্রবার শহরের পশ্চিম মেড্ডায় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। এ ছাড়া কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান আলেম-ওলামারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবারক উল্লাহ বলেন, আগামী ২০ অক্টোবর কতিপয় লোক তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামু্ল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।